
করোনার দ্বিতীয় ঢেউয়ের মারণ কামড়ে পর্যুদস্ত ভারত। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, মৃত্যু। আর ভারতের রাজ্যগুলোতে রোগীর চাপ বাড়ার জন্যে অক্সিজেন, বেডের অভাব দেখা দিচ্ছে। তবে ধৈর্য রাখতে হবে এ সময়টা। ভারতবাসীকে সরকারের পরামর্শ, অযথা আতঙ্কিত হবেন না, অযথা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। কারণ তাতে ভালোর চাইতে মন্দ বেশি হয়। আত্মবিশ্বাস রেখে লড়াই চালাতে হবে।
টিকা নেওয়া এবং কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি সরকার দেশবাসীকে বলেছে, রাস্তাঘাটে তো বটেই, এখন থেকে করোনা মোকাবিলায় ঘরেও মাস্ক পরে থাকা শুরু করুন। মাস্ক ছাড়া চলাই যাবে না। বাইরে গেলে তো মাস্ক পরতেই হবে, এখন ঘরে থাকলেও মাস্ক পরা শুরু করুন। মানতে হবে শারীরিক দূরত্ব।
গবেষণায় দেখা গিয়েছে, কোনরকম শারীরিক দূরত্ববিধি পালন করা না হলে একজন ব্যক্তি ৩০ দিনে ৪০৬ জনকে সংক্রমিত করতে পারেন। অন্যদিকে একটি ব্যাপার দেখুন, শারীরিক নৈকট্য, সংস্পর্শ ৫০ শতাংশ কমিয়ে দিতে পারলেই সেই ব্যক্তি ঐ একই সময়ে মাত্র ১৫ জনের মধ্যে সংক্রমণ ছড়াতে পারেন।
আর শারীরিক নৈকট্য যদি আরো কমানো যায় অর্থাৎ ৭৫ শতাংশ কমলে তিনিই ৩০ দিনে মাত্র আড়াই জনকে সংক্রমিত করতে পারেন। তাই এবার ঘরে থাকলেও করোনা সংক্রমণকে না বলতে মাস্ক পরে থাকাই ভাল।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের যুগ্মসচিব লব অগ্রবাল সাংবাদিকদের জানান, অনেকেই শুধুমাত্র আতঙ্কিত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে বেড দখল করে আছেন! শুধুমাত্র ডাক্তারদের পরামর্শের ভিত্তিতেই হাসপাতালে ভর্তি হওয়া উচিত বলে অভিমত জানান তিনি।
মেডিকেল অক্সিজেনের ঘাটতি প্রসঙ্গে সরকারের দাবি, ভারতে যথেষ্ট পরিমাণে মেডিকেল অক্সিজেন আছে, তা হাসপাতালে পাঠানোটা চ্যালেঞ্জ।
হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ সুনিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ করছে। মেডিকেল অক্সিজেনের যথাযথ ব্যবহার, রেমডিসিভির, টোসিলিজুমাবের মতো ওষুধের যথাযথ প্রেসক্রিপশনের কথা বলেছে।
তবে সরকারের অভিমত, সঙ্কটাপন্ন রোগীদের ওপর রেমডিসিভিরের কার্যকারিতা এখনো পর্যন্ত ঠিকঠাক প্রতিষ্ঠিত হয়নি, তাই অন্য ওষুধ প্রয়োগ করার পরামর্শ দিয়েছে।
এদিকে কয়েকদিন ধরেই একটি কথা এখন শোনা যাচ্ছে সকলের মুখে মুখে যে, মহিলাদের ক্ষেত্রে টিকা নেয়ার ব্যাপারটিতে সমস্যা রয়েছে। বলাবলি করতে শোনা যাচ্ছে, নারীর ঋতুস্রাব (Menstrual Cycle) অথবা পিরিয়ডস শুরু হওয়ার পাঁচ দিন আগে অথবা শেষ হওয়ার পরের সময়কালের মধ্যে নাকি টিকা নেওয়া উচিত নয়।
এসব গুজব ছাড়া আর কিছু নয়। ভ্রান্ত ধারণা মনে পুষে রাখবেন না। নিছক গুজব ছড়াচ্ছে এগুলো। শনিবারই প্রেস ইনফরমেশন অফ ব্যুরো একটি টুইট করে সবাইকে এবিষয়ে অবগত করে দিয়েছে।