


ভারত মারণ করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়েই যাচ্ছে। এর মধ্যে টিকাকরণের উপর জোর দেয়া হচ্ছে। এর মধ্যে ভারতে আবার দৈনিক করোনা সংক্রমণ ৪০ হাজারের উপর। পরিসংখ্যান যা বলছে, সপ্তাহান্তে দৈনিক করোনা গ্রাফ থাকল কমবেশি আগের দিনের মতোই।
আজ, রবিবার ৫ সেপ্টেম্বর সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪২ হাজার ৭৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা কমবেশি গতকালের মতো। ভারতে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩০ লক্ষের বেশি।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত করোনা সংক্রমণে মৃতের সংখ্যা হচ্ছে ৪ লক্ষ ৪০ হাজার ৫৩৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩০৮ জনের। আর স্বস্তি দিয়ে এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটাই কম।
এদিকে কেরল বেশ চিন্তা বাড়াচ্ছে। এদিন আবার দেশের মোট আক্রান্তের এই সংখ্যার প্রায় ৭০ শতাংশের বেশি কেরলের। কেরল নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রক। সেরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৮২ জন। সেরাজ্যে সাপ্তাহিক কারফিউ জারি থাকা সত্ত্বেও সংখ্যাটা ভীষণ উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় কেরলে মারা গিয়েছেন ১৪২ জন। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বাড়াচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, আপাতত ভারতের চিকিৎসাধীন রোগীর সংখ্যা হচ্ছে ৪ লক্ষ ১০ হাজার ৪৮ জন। যা আগের দিনের থেকে প্রায় হাজার পাঁচেক বেশি। এবং এখনও পর্যন্ত করোনা সারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ২১ লক্ষের বেশি মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড সারিয়ে সুস্থ হয়েছেন প্রায় ৩৯ হাজার মানুষ। করোনা টিকার উপরও এখন প্রচুর জোর দেয়া হচ্ছে। ইতিমধ্যে ভারতে করোনা ভ্যাকসিন পেয়েছেন ৬৮ কোটি ৪৬ লক্ষ মানুষ। আবার প্রচুর মানুষ যেমন টিকা পাননি, অনেকে নিতেও নারাজ। বিশেষ করে তো দেখা যাচ্ছে যারা মদ্যপ, তাদের নাকি টিকার প্রয়োজন নেই, এমনটাই বলছে। ফলে কঠোর হচ্ছে প্রশাসন। মোদ্দা কথা, ভ্যাকসিন তো নিতেই হবে।

