অসহায় দিল্লি! আরো এক সপ্তাহের জন্যে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা কেজরিওয়ালের

নিউজ ডেস্ক
নয়া দিল্লি

Published Time

April 25, 2021, 5:41 pm

Updated Time

April 26, 2021, 3:45 pm
অরবিন্দ কেজরিওয়াল

করোনা সংক্রমণ ক্রমাগত বাড়ছে ভারতে। সংক্রমণ কমার কোন লক্ষণ নেই। সংকটে ভারত। এ অবস্থায় আরো এক সপ্তাহ দিল্লির লকডাউন বেড়ে গেল। 

আজ একথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনা পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে ভারতে। কয়েকটি রাজ্যের অবস্থা ভীষণ খারাপ। রোগীর চাপ বাড়ছে, হাসপাতালে বেড কমছে। সংকট অক্সিজেনের। দশদিক পর্যালোচনা করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লিতে। বাড়ানো হল লকডাউনের মেয়াদ। 

এর আগে ২৬ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল দিল্লি অরবিন্দ কেজরিওয়াল সরকার।কিন্তু দিল্লিতে বেড়েই চলেছে করোনা। ফলে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সাংবাদিক বৈঠকের মধ্যে আজ এই ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৩ মে পর্যন্ত এই লকডাউন চলবে।

সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল বলেন, শহরে করোনা ভাইরাস মারাত্মকভাবে এখনো চোখ রাঙাচ্ছে।

দিল্লির পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। জনগণের মতামত, করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়ানোই উচিত। 

যদিও এই লকডাউনে কোরিয়ার সার্ভিস এবং স্বনির্ভরদের ছাড় দেবে সরকার। বিশেষ করে, ইলেক্ট্রিশিয়ান, কলের মিস্ত্রি, ওয়াটার পিউরিফায়ার মেরামতকারীদের কিছুটা ছাড় দেয়া হবে। খোলা থাকবে ছোটদের বইয়ের দোকান এবং ফ্যানের দোকানও। এছাড়াও অত্যাবশ্যকীয়/জরুরি জিনিসের উপর ছাড় থাকবে।

এই মুহূর্তে রাজধানীতে করোনা পজিটিভিটি হার হচ্ছে ৩৬ থেকে ৩৭ শতাংশ হয়ে গিয়েছে।এটি খুবই চিন্তার বিষয়। যা আগে কখনও হয়নি বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। 

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল থেকে দিল্লিতে লকডাউন জারি হয়। এবং ২৬ এপ্রিল পর্যন্ত লকডাউন চলার কথা ছিল। 

গত ৬ দিন লকডাউন থাকা সত্ত্বেও করোনায় মৃতের সংখ্যা কমেনি ৷ করোনার গ্রাফ দ্রুত গতিতে উপরের দিকে বেড়েই চলেছে। আর সেই কথাই মাথায় রেখে মেয়াদ বাড়ালো কেজরিওয়াল সরকার।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন। ফলে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২। 

একদিনে মারা গিয়েছেন ২৭৬৭ জনের। দেশে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৩১১। 

করোনা আক্রান্ত এবং সংক্রমণে মৃতের সংখ্যা উর্দ্ধমুখী হওয়ায় উদ্বেগ যেমন বেড়েছে, তেমনভাবে চিন্তা বাড়াচ্ছে অক্সিজেন, ওষুধ এবং হাসপাতালে বেডের সংকট।

করোনা পরিস্থিতি বাগে আনার জন্যেই লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেজরিওয়াল সরকার।