



কংগ্রেস নেতা রাহুল গান্ধী কোভিড-১৯ এ আক্রান্ত হলেন। কোভিড টেস্ট করাতেই পজিটিভ আসার কথা কংগ্রেস নেতা নিজেই প্রকাশ করেছেন।
রাহুল গান্ধী বিগত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা লোকেদের কোভিড বিধি মেনে চলে সুরক্ষিতভাবে থাকার জন্যে আহ্বান জানিয়েছেন।
রাহুল গান্ধীর কোভিড আক্রান্তের খবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী নেতার আরোগ্য কামনা করেছেন।
Also Read: এই তো ভারতবর্ষ! এই তো ধর্ম! করোনা রোগীদের সহায়তায় দরজা খুলে দিল মন্দির, মসজিদ
“লোকসভার সাংসদ রাহুল গান্ধীজীর সুস্বাস্থ্য এবং শীঘ্রই আরোগ্য লাভের জন্যে আমি প্রার্থনা করছি”। টুইটারে বলেন মোদি। উল্লেখ্য যে, সোমবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-ও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।
মঙ্গলবার টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন সোনিয়া পুত্র।
টুইটে রাহুল জানান, মৃদু উপসর্গ থাকায় করোনা টেস্ট করিয়েছিলেন। আজ রিপোর্ট আসে পজিটিভ।
উল্লেখ্য, পঞ্চাশোর্ধ রাহুল এখনও করোনা প্রতিষেধকের কোনও ডোজই নেননি।
লোকসভা সাংসদের আরোগ্য কামনায় টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।
উল্লেখ্য যে, এদিন সকালেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। তারপর থেকে আইসোলেশনে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালও।
উল্লেখযোগ্য যে, মহামারি করোনার বাড়বাড়ন্তের জন্যে সম্প্রতি সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গে সমস্ত রাজনৈতিক প্রচার সমাবেশ বাতিল করার সিদ্ধান্ত নেন রাহুল।
রবিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে টুইটারে সোনিয়া-পুত্র রাহুল গান্ধী লেখেন, 'করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, পশ্চিমবঙ্গে সমস্ত সভা বাতিল করছি।সব রাজনৈতিক দলের নেতাদের বলব, এই পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিক সভা করা নিয়ে আপনারা ভেবে দেখুন।'
অতিমারি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাহুল গান্ধী বলেন, এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বাস্থ্যজনিত সুরক্ষার কথা মাথায় রেখে কোনরকম রাজনৈতিক সমাবেশের পক্ষপাতী নন।
এদিকে রাহুলেরই পথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জনসভায় কাটছাঁট করেন।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা বাতিল না হলেও উপস্থিতির সংখ্যা ৫০০-র নীচে বেঁধে রাখার পথে হেঁটেছে বিজেপি।
সোমবারই করোনা রিপোর্ট পজিটিভ আসে মনমোহন সিংয়ের। তিনি আপাতত দিল্লির এইমসে ভরতি আছেন। এবং তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, 'ডঃ মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছি। এইমসে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলেছি। তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।

