


ফেসবুক খুললেই কেবল 'মানিকে মাগে হিথে'। ধুম চলছে এই গানের। ৮ থেকে ৮০ সবার মুখেই মানিকে। শব্দ না বুঝলেও সুরেই পাগল সকলে। ইয়োহানি ডি’সিলভার গাওয়া সিংহলি গানটি দাবানলের মতো ছড়িয়েছে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামে। অরিজিনাল গানটা তো সিংহভাগের মুখেই আসছে না, তবে যে যেভাবে পারছেন শব্দজুড়ে গাইছেন। আর এবার তো ভাইরাল এই গান গাইলেন বাংলাদেশি তারকা হিরো আলম। হিরো আলমকে কে না চেনেন? বাংলাদেশে জনপ্রিয় হিরো আলম। এবার তো আরো প্রচারে চলে এলেন হিরো!
শনিবার ‘মানিকে মাগে হিথে’র ‘হিরো আলম ভার্সান’ পোস্ট করেছেন বাংলাদেশের তারকা।আর অবিশ্বাস্যভাবে রবিবারের মধ্যে তা দেখে ফেলেছেন ৪ লক্ষের অধিক মানুষ। কথাগুলোও তো বেশ! জনপ্রিয় সিংহলি গানের সুরে ‘তেল গেল ফুরাইয়া… বাতি যায় নিভিয়া… কী হবে আর কান্দিয়া?’র মতো মজার সব কথা সাজানো হয়েছে বাংলা ভাষায়। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে দারুণ ভঙ্গিমায় গোটা ভিডিওটি শুট করেন হিরো আলম। গানের ব্যাপারে প্রথম থেকেই সিরিয়াস হিরো।
গানটি রিমেক করে সঙ্গে রেখেছেন বাংলা গানও ।রিমেকে গেয়েছেন সৈয়দ আব্দুল হাদীর ‘তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া’, পলাশের কণ্ঠে জনপ্রিয় পাওয়া ‘আজ পাশা খেলবো রে শ্যাম’, আব্দুল আলীমের ‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’ গানগুলো। হিরো আলমের ‘মানিকে মাগে হিথে’ রিমেক ভার্সনের সংগীত করেছেন রেজা ও ভিডিওতে ছিলেন লিমন। তবে যে যাই বলুন, হিরো আলম নিজে সন্তুষ্ট নিজের কাজে। চারদিকে সমালোচনা হলেও অনেকে প্রশংসাও করছেন তাঁর।
গানটি প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘এই গান যে আমার নিজের ভালো লাগা থেকে গেয়েছি, তা নয়। অন্তত এক লাখের ওপর মানুষ আমাকে গানটি গাওয়ার জন্য অনুরোধ করেছেন। এরমধ্যে পশ্চিমবঙ্গের অনেক রয়েছে। মধ্যপ্রাচ্যের ও বিভিন্ন দেশের বাঙালি ভাইয়েরাও অনুরোধ করেছেন'। উল্লেখ্য, আশরাফুল আলম ওরফে হিরো আলম বাংলাদেশের বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। তিনি কাজ করেছেন সিনেমাতে, গানও গেয়েছেন।

