নতুন মা নুসরত জাহানকে শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ

নিউজ ডেস্ক
কলকাতা

Published Time

August 26, 2021, 7:50 pm

Updated Time

August 26, 2021, 8:26 pm
দিলীপ ঘোষ

আর কোন বিতর্ক নয়--- আগে যা করেছেন সেটা এখন অতীত। সদ্য মা' নুসরত জাহানকে শুভেচ্ছা  জানালেন দিলীপ ঘোষ। মা এবং সন্তান দুজনেরই সুস্থতা কামনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ।

আজ, গুরুবার বেলা ১২টা ৪৫ মিনিটে পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন নুসরত জাহান।  মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে। তবে এবার আর কোন বিতর্কে জড়াতে চাননি দিলীপ ঘোষ। মাতৃশক্তিকে সম্মান জানান তিনি।  বৃহস্পতিবার নুসরতের মা হওয়ার খবরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া একেবারেই ভিন্ন,'অবশ্যই শুভেচ্ছা জানাবো।আমরা মাতৃশক্তিকে সম্মান করি। তিনি আমাদের নতুন নাগরিক দিয়েছেন। তাঁর এবং সন্তানের সুস্থতা কামনা করি।'

অভিনেত্রী  নুসরতকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এসএসকেএম হাসপাতালে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা গাড়িতে উঠতে উঠতে বলেন,'অভিনন্দন, অনেক অভিনন্দন।'

এর আগে নুসরতের বিয়ে বিতর্কে মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন,  ভারতবর্ষের পরম্পরাকে লাঞ্ছিত করেছেন নুসরত জাহান। একজন মহিলা সাংসদ যিনি সিঁদুর পরে একজনকে স্বামী পরিচয় দিয়েছিলেন তিনি বলছেন বিয়েই করেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিয়েতে বৌভাত খেতে গিয়েছিলেন।  তবে এবার সেসব দিকে গেলেন না হয়তো বিতর্কের ভয়েই। কারণ নুসরত ইতিমধ্যে নারীশক্তির প্রমাণ দিয়ে দিয়েছেন। এবং নুসরত জাহানের পক্ষে দাঁড়িয়েছেন অধিকাংশ মানুষ।

উল্লেখযোগ্য যে,  প্রথমদিন থেকেই গর্ভের সন্তানকে ঘিরে বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু বিতর্ককে পাত্তা না দিয়েই প্রেগন্যান্সির পুরো সময় চুটিয়ে  আনন্দ করেছেন অভিনেত্রী। এবং নুসরতের এই সিদ্ধান্তে তাঁর পাশে থেকেছেন দেব, মিমি, শুভশ্রী, শ্রাবন্তী, তনুশ্রী এবং জাহানের বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত।

বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নুসরত জাহান  লেখেন, 'Faith Over Fear' অর্থাৎ ভয়কে ছাপিয়ে বিশ্বাসেই অটল রয়েছেন তিনি। উল্লেখ করা জরুরি যে,  গত বুধবার নুসরতের সন্তানকে নিয়ে প্রথমবার কথা বলেছেন অভিনেতা যশ। জানিয়েছিলেন শুভক্ষণের অপেক্ষায় আছেন। অভিনেতার কথায়,'আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করি না। তবে এটুকু বলতে পারি, এটা ভালো খবর। আমি শুভক্ষণের অপেক্ষায় রয়েছি।'