


করোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক। বলিউডে আক্রান্ত হচ্ছেন একজনের পর একজন।
এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন আলিয়া ভাট।
উল্লেখ্য যে, গত সপ্তাহেই করোনামুক্ত হয়েছেন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর।
এবার খোদ আলিয়া।
বৃহস্পতিবার সঞ্জয় লীলা বানসালির ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র সেটে একটি গানের দৃশ্যের শুটিং করছিলেন আলিয়া ভাট। সে সময়ই পরীক্ষা করালে তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে।
এরপর শুটিং সাময়িক বন্ধ হয়ে যায়।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজের সেক্রেটারি অশোক দুবেকে অভিনেত্রী আলিয়া ভাটের করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা সংস্থার প্রতিনিধি হেড চেতন।
এদিকে গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে করোনা পজিটিভ হওয়ার খবর জানান আলিয়া।
লেখেন, নিজেকে আইসোলেট করেছেন। এখন বাড়িতে আইসোলেশনে থাকবেন। ডাক্তারের পরামর্শ এবং সব ধরনের সাবধানতা অবলম্বন করেই তিনি আছেন।
প্রসঙ্গত, গত ৯ মার্চ রণবীর কাপুরের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তিনি আক্রান্ত হওয়ার পর বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন।
পরিচালক সঞ্জয় লীলা বানসালিও আক্রান্ত হন করোনায়। এদিকে সচিন তেণ্ডুলকারকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সচিন নিজেই ট্যুইট করে জানিয়েছেন যে, তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। ক্রিকেট ঈশ্বরের টুইট জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা।
সকলেই সচিনের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত। তবে ভক্তদের আশ্বস্ত করেছেন সচিন। জানান, সাবধানতা হিসেবেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং দু একদিনের মধ্যেই তিনি বাড়ি ফিরবেন।
শুক্রবার সকাল ১১টা নাগাদ টুইট করে সচিন লিখেছেন, 'আপনাদের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শে সাবধানতার জন্যে হাসপাতালে ভর্তি হয়েছি। কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে যাওয়ার আশা করছি। প্রত্যেকে সাবধানে থাকুন ও সতর্ক থাকুন।'
উল্লেখ্য, গত ২৭ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সচিন নিজেই টুইট করে জানিয়েছিলেন।
জানান, বাড়ির সকলের রিপোর্ট অবশ্য নেগেটিভ। সচিন বলেছেন যে, তাঁর শরীরে কোভিড ১৯-এর মৃদু লক্ষণ ধরা পড়েছে। সরকারি নিয়ম মেনে তিনি নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন।
শেষপর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
ভারতে সংক্রমণ ছড়াচ্ছে তীব্রভাবে। সকলেই যেন সাবধানতা অবলম্বন করে থাকেন, সে বিষয়ে বারবার সাবধান করা হচ্ছে।

