ফ্রান্সের অবস্থা খুবই উদ্বেগজনক; আসছে কোভিডের চতুর্থ ঢেউ

নিউজ ডেস্ক
নয়া দিল্লি

Published Time

July 22, 2021, 6:54 pm

Updated Time

July 22, 2021, 7:08 pm
ফ্রান্স

করোনা পরিস্থিতি একেবারে তছনছ করে ফেলেছে গোটা পৃথিবী। মারণ করোনা সঙ্গ ছাড়ছে না কিছুতেই। ফ্রান্স নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। কোভিডের চতুর্থ ঢেউয়ের মুখে দাঁড়িয়ে ফ্রান্স। প্রধানমন্ত্রী জঁ কাসটেক্স বলেছেন, যাঁরা নতুন করে কোভিডে সংক্রমিত হচ্ছেন, তাঁদের কেউ করোনা ভ্যাকসিন গ্রহণ করেননি।  

ফলে উদ্বেগ আরো বাড়ছে। বুধবার সকালে জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার জন। এই সংখ্যাটা ভীষণ উদ্বেগজনক। কাসটেক্স ভাষণে বলেন, তাঁরা চেষ্টা করছেন যেন দেশ জুড়ে লকডাউন না করতে হয়। আগস্ট থেকে চালু হচ্ছে ‘হেলথ পাস’। রেস্তোরাঁ, বারে প্রবেশ করতে কিংবা দূরপাল্লার ট্রেন ও প্লেন সফরের জন্য তা আবশ্যিক করা হচ্ছে। তবে এই নিয়ম খাটবে না স্কুলগুলোর ক্ষেত্রে।সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। হেলথ পাস লাগবে না সেখানে। তবে অন্য অনেক ক্ষেত্রে এই পাস জরুরি। আর সঙ্গে না রাখলে দেড় হাজার ইউরো পর্যন্ত জরিমানা গুণতেও হতে পারে। 

ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্যাসটেক্স হেলথ পাস সম্বন্ধে জানান, ‘‘টিকাকরণ করা থাকলে পাওয়া যাবে পাস। আমাদের লক্ষ্য হল, যত বেশি সম্ভব জায়গা খোলা রাখা। সেই জন্যই এটি চালু করা হচ্ছে। 'আর যাঁরা এখনো করোনা ভ্যাকসিন নিতে চাচ্ছেন না, তাঁদের প্রচণ্ড নিন্দা করেন স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান। ভ্যাকসিন নিতে যারা চাইছেন না তাঁদের কাজকর্ম সমর্থন করার মতো নয়। 

সংসদে বলেন, 'স্বাধীনতার নামে যদি কেউ ট্যাক্স না দিতে চান, রাস্তার ভুল দিক দিয়ে গাড়ি চালান, রেস্তোরাঁয় সিগারেট খান বা ভ্যাকসিন না নিতে চান, তাঁকে কোনভাবেই সমর্থন করা যায় না।' উল্লেখযোগ্য যে, গত সপ্তাহে সরকারের ভ্যাকসিন নীতির বিরুদ্ধে হাজার হাজার ফরাসি নাগরিক পথে নামেন। অভিযোগ, প্রেসিডেন্ট ইমানুয়েল করোনা টিকা নিয়ে 'একনায়কত্ব' চালাচ্ছেন। এ নিয়ে ফরাসি নাগরিকরা পথে নামেন। 

জানা গিয়েছে, এখনো পর্যন্ত ফ্রান্সের নাগরিকদের ৫৬ শতাংশ, অর্থাৎ ৩ কোটি ৮০ লক্ষ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। এবং তাঁদের মধ্যে ৪৬ শতাংশকে দুটো ভ্যাকসিন দেয়া হয়েছে। এদিকে সরকার এবারের গ্রীষ্মের মধ্যে ৫ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দিতে চায়। ভ্যাকসিনেশনের উপর জোর দেয়া হচ্ছে। 

বৃহস্পতিবার ২২ জুলাই সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভাইরাসে ৪১ হাজার ৩৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংখ্যাটা ৪০ হাজারের উপরে গেলেই চিন্তা বাড়ে। আগের দিনের থেকে সামান্য কম হলেও গত কয়েকদিনের তুলনায় বেশি। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লক্ষ ৫৭ হাজার ৭২০ জন। টিকাকরণের উপর জোর দেয়া হচ্ছে ভারতে। তবে রাজ্যে রাজ্যে ভ্যাকসিনের যথেষ্ট অভাব পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যে ভারতে করোনা ভ্যাকসিন পেয়েছেন ৪১ কোটি ৭৮ লক্ষের বেশি মানুষ। সংখ্যাটা ৪১ , ৭৮, ৫১, ১৫১।