
মালালা ইউসুফজাইকে চেনে গোটা বিশ্ব। এইটুকু বয়সের জীবনে প্রচুর বাধা পেরিয়েছেন। তবে মেরুদণ্ড সোজা রেখে লড়াই চালিয়ে গেছেন। মালালার বিরোধিতা তো কম করা হয়নি! তবে এক এক সময়ে কড়া জবাবও দিতে দেখা দিয়েছে মালালা ইউসুফজাইকে। কয়েকদিনে আগেই বিয়ে নিয়ে বেশ যুক্তিসঙ্গত কথা বলেছেন তিনি।
মাত্র ১৪ বছর বয়সে তালিবানের গুলিবিদ্ধ হয়েও হার না মানা মালালা গোটা বিশ্বের একটি নাম। নোবেল পুরস্কারও পেয়েছেন। তবে সমাজের মানসিকতা দেখলে মাঝে মাঝে বড্ড অবাক হতে হয়। এবার মালালা ইউসুফজাইয়ের বিরোধিতা করে তৈরি হল একটি তথ্যচিত্র ‘আই অ্যাম নট মালালা’।
অবাক হবেন জানলে যে তৈরি করেছে তাঁরই দেশ পাকিস্তান। পাকিস্তানের ‘অল পাকিস্তান প্রাইভেট স্কুলস অ্যাসোসিয়েশন’ সোমবার তথ্যচিত্রটি প্রকাশ করেছে। মালালার বিরুদ্ধে কঠোর সমালোচনা করা হয়েছে। সেখানে মালালার ইসলাম এবং বিয়ে সম্পর্কিত মতামত ও তাঁর পশ্চিমি ধ্যানধারণার প্রচার করাকে লক্ষ্য করে সমালোচনা করা হয়েছে।
ওই তথ্যচিত্র যে সংগঠন তৈরি করেছে, তার সভাপতি কাসিফ মির্জার কথায়, ‘‘এই ‘আই অ্যাম নট মালালা’ তথ্যচিত্রের সাহায্যে আমরা দেশের ২ লক্ষ বেসরকারি স্কুলের ২ কোটি পড়ুয়াকে মালালার ইসলাম, বিয়ে ও পশ্চিমি অ্যাজেন্ডা নিয়ে বিতর্কিত মতামত সম্পর্কে জানাতে চেয়েছি।’’
তবে বিশ্বে পরিচিত একটি নাম আর যিনি লড়াই করছেন ভালোর জন্যে, তাহলে হঠাৎ এমন তথ্যচিত্র তৈরি করা হয়েছে? শুধুই কী বিরোধিতা করার জন্যে নাকি এর সাথে জড়িয়ে আছে সমাজের, দেশের মেয়েরা যেন এগিয়ে যেতে না পারে, মুখ খুলতে না পারে, অধিকার চাইতে না পারে--সে বিষয়গুলোও? কাসিফ মির্জার সাফাই, ‘‘দেশের তরুণ সম্প্রদায়ের সামনে আমরা মালালার মুখোশ খুলে দিতে চাই। যাতে উনি ওঁর ওই তথাকথিত মহিলাদের অধিকার আদায় করার সংগ্রামের গল্প শুনিয়ে ওদের প্রভাবিত না করতে পারেন।’’
এই কথাগুলো ভীষণ কটূ। এবং মির্জার কথায় পরিষ্কার যে নারী অধিকারের বিপক্ষে কথা বলা তথা পুরুষতান্ত্রিকতায় বিশ্বাস করা লোক তিনি। উল্লেখযোগ্য যে, ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক বিখ্যাত ‘ভোগ’ (Vogue) পত্রিকার জুন সংখ্যায় মালালার এক সাক্ষাৎকার ছাপা হয়েছিল।
সেখানেই এই বিষয়গুলি নিয়ে তিনি কথা বলেছিলেন। আর বিয়ে নিয়ে যে কথাগুলো মালাল বলেছিলেন, তা নিয়ে যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে বলতে হবে ভারতের প্রচুর মানুষের ফেসবুক ওয়ালে ঘুরেছে সেই কথা। তাঁরা অনেকেই এই কথাকে সমর্থন করেছেন এবং গ্রহণও করেছেন। সাক্ষাৎকারে ২৩ বছরের তরুণী বিয়ে প্রসঙ্গে বলেন, ‘একটা ব্যাপার বুঝতে পারি না। কেন সবাই বিয়ে করে। জীবনসাথীকে বেছে নিতে হলে কাগজে সই করার কী দরকার? এটা একটা পার্টনারশিপও তো হতে পারে।’
মালালার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। অনেকে তাঁর মতের সমালোচনা করেছেন। মালালাকে বাক্যবাণে বিদ্ধ করতে থাকেন। আবার অনেকে বিয়ের মতো সামাজিক প্রথাকে নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করার জন্য মালালার প্রশংসাও করেছেন। ফেসবুকে প্রচুর লেখালেখি হয়েছে এ নিয়ে। বিয়ে প্রসঙ্গে মালালা যা বলেছেন সেই মতকে ‘ইসলাম বিরোধী’ বলে আক্রমণ শানিয়েছেন মির্জা।
পাশাপাশি ‘আই অ্যাম মালালা’ বইটিকে ‘অত্যন্ত বিতর্কিত’ বলে দাবি করে মির্জার বক্তব্য, ‘‘পশ্চিমি শক্তির পক্ষপাতিত্ব করে এই বই লেখাই হয়েছে বিশেষ উদ্দেশ্য নিয়ে। মালালা ইসলাম ও পাকিস্তানের সেনাকে ‘জঙ্গি’ বলে কুৎসা করেছে এই বইয়ে। তিনি কোরানের সমালোচনা করেছেন।’’অর্থাৎ মির্জার মনে হচ্ছে সবকিছুই ইসলাম বিরোধি। সমালোচনা, কটাক্ষে বিদ্ধ করেছেন মালালাকে।