মহামারি করোনা।। যুক্তরাজ্যে বাংলাদেশিদের ঢোকা নিষিদ্ধ করছে

Published Time

April 2, 2021, 6:55 pm

Updated Time

April 2, 2021, 6:55 pm
bangladeshi-nationals-are-being-barred-from-entering-the-uk-due-to-an-increase-in-corona-infections
করোনা

মহামারি করোনা সংক্রমণ সাংঘাতিকভাবে বাড়ছে বাংলাদেশে। দিনে দিনে এই সংক্রমণ বেড়েই চলেছে। 

বাংলাদেশ সরকারও সতর্ক করোনা মোকাবিলায়। 

এদিকে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপাইনের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ হতে যাচ্ছে। 

আজ শুক্রবার, ২ এপ্রিল বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ৯ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এছাড়াও তার আগের ১০ দিনে যেসব যাত্রী এই দেশগুলো থেকে যাত্রা শুরু করেছেন, অথবা ট্রানজিট করেছেন, তাঁদের যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হবে না বলে যুক্তরাজ্য সরকারের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরিষ্কার জানানো হয়েছে।

যুক্তরাজ্যে বর্তমান টিকাদান কর্মসূচি চলছে দ্রুতগতিতে। নতুন করে যেন আর উৎপাত বাড়তে না পারে, সে কারণেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, ৯ এপ্রিল শুক্রবার ভোর চারটা থেকে ফিলিপাইন, পাকিস্তান, কেনিয়া আর বাংলাদেশের নাম নিষিদ্ধ দেশের লাল তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আর এই তালিকায় মোট ৩৯টি দেশের নাম রয়েছে।

উল্লেখযোগ্য যে, নিষেধাজ্ঞার নির্দেশনাটি ৯ এপ্রিল থেকে কার্যকর হলেও হিসেবটি করা হবে এর আগের ১০ দিন থেকে।

ঐ সময় যেসব বাংলাদেশি যাত্রা শুরু করবেন অথবা যেসব যাত্রী বাংলাদেশসহ ওই তিন দেশে ট্রানজিট করবেন, তাঁদের যুক্তরাজ্যের যে কোনো বন্দরে প্রবেশ করতে দেয়া হবে না।

ওয়েবসাইটে বলা হয়, ব্রিটিশ কিংবা আইরিশ পাসপোর্টধারী যাত্রী ও যাঁদের ব্রিটেনে বসবাসের অনুমতি আছে, তাঁরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

তবে তাঁদের সরকার অনুমোদিত কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে ১০ দিন।

বিবিসি জানাচ্ছে, বাংলাদেশ বা অন্য তিন দেশ থেকে সরাসরি ফ্লাইট বাতিলের কোনো পরিকল্পনা এখন নেই বলে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত ৬ হাজার ৮৩০ জন রোগীর শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে। 

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৫০ জনের।

উল্লেখযোগ্য যে, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এত বেশি সংখ্যক করোনা রোগী কিন্তু আর শনাক্ত হননি। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার, ১ এপ্রিল দেশে করোনা সংক্রমিত ৬ হাজার ৪৬৯ জন রোগী শনাক্ত হন। সংখ্যাটা দিন দিন বাড়ছে। বাড়ছে সাথে আতঙ্কও। 

এখনো পর্যন্ত দেশে মোট ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আর এ যাবৎ সংক্রমণে মারা গিয়েছেন ৯ হাজার ১৫৫ জন। আর এখনো পর্যন্ত করোনা সারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।

সংক্রমণ রোধ করতে জনসমাগমে বাধা দিতেই হবে। মাস্ক তো পরতেই হবে। 

করোনার উচ্চ সংক্রমণ পরিস্থিতির জন্যে আজ শুক্রবার থেকে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd