আনন্দের খবর-- শীঘ্রই ই-পর্যটন ভিসা চালু করছে ভারত-- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Published Time

February 19, 2021, 1:25 pm

Updated Time

February 19, 2021, 1:31 pm
india-plans-to-introduce-e-tourism-visa-soon-says-union-health-minister
প্রতীকী

অত্যন্ত ভালো একটি খবর!

খুব শিগগিরই ই–পর্যটন ভিসা চালু করার পরিকল্পনা নিয়েছে ভারত। এবং এই সংবাদে অত্যন্ত আনন্দিত বাংলাদেশ। ওপার বাংলার বহু মানুষ ভারতে পর্যটন ভিসায় আসার চেষ্টা করছেন। কিন্তু চালু না হওয়ায় তাঁরা আসতে পারছেন না।  

এবার এই খবরে দারুণ উৎসাহিত হয়ে পড়েছে ওপার বাংলার মানুষ। 

 

ই-পর্যটন ভিসা খুব শিগগিরই আরম্ভ হচ্ছে, একথা বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। 

কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ভারত মেডিকেল ভিসা প্রদান শুরু করেছে আর খুব তাড়াতাড়িই ই–পর্যটন ভিসা চালু করবে। 

মূলত চিকিৎসা ভ্রমণ বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মহামারি করোনা ভাইরাসের জন্যে ভারতে স্বাভাবিকভাবে কিছুটা হলেও কমেছে চিকিৎসা ভ্রমণ। এ তথ্য জানানো হয়েছে দ্য মিন্টের এক প্রতিবেদনে। এর আগে অবশ্য ঢাকায় ভারতীয় হাইকমিশনার অবশ্য বলেছিলেন এত তাড়াতাড়ি শুরু হচ্ছে না পর্যটন ভিসা। 

ভিসা বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা বিশ্বে ভারতের চিকিৎসা পর্যটনের চাহিদা বাড়িয়ে দিয়েছে। 

আরো বলেন, ভারত সবসময়ই এক জনপ্রিয় পর্যটনকেন্দ্র, তবে কয়েক বছর ধরে এটি চিকিৎসা পর্যটনের জন্য একটি শীর্ষস্থান হিসেবে চিহ্নিত হয়েছে। ভারতে স্বাস্থ্যসেবা শিল্পের তুমুল অগ্রগতি হয়েছে, যা বিশ্বের অন্যতম সেরাদের তুলনীয়। আমাদের শিক্ষাব্যবস্থায় বিশ্বমানের চিকিৎসক, নার্স ও প্যারামেডিকেল স্টাফ তৈরি হচ্ছে, যা এখন বিশ্বজুড়ে স্বীকৃত। এমনকি অনেক জায়গায় ভারতকে বিশ্বের ফার্মাসি বলা হয়। ভারত ওষুধের অন্যতম বৃহৎ প্রস্তুতকারক দেশ এবং বিশ্বজুড়ে ভ্যাকসিনের একটি বড় অংশ সরবরাহ করে।

বাংলাদেশের সিংহভাগ মানুষ ভারতে এসে চিকিৎসা করান। তবে করোনাকালে কিছুটা কমেছে। পর্যটন ভিসার জন্যে অবশ্য অপেক্ষায় ছিলেন সকলেই।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসা পর্যটনকে আরও উৎসাহিত করার জন্য আমরা ইতিমধ্যে মেডিকেল ভিসা প্রদান শুরু করেছি এবং শিগগিরই ই-পর্যটন ভিসার পাশাপাশি নির্ধারিত আন্তর্জাতিক বিমানগুলো ফের চালু করার পরিকল্পনা করেছি।’

বাঃ! অসাধারণ একটি খবর। 

উল্লেখযোগ্য যে, করোনা মহামারি আগে ২০২০ সালের মধ্যে ভারতের চিকিৎসা পর্যটন শিল্প ৯০০ কোটি ডলারে পৌঁছাবে এমনটাই আশা করা হয়েছিল।

কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের জন্যে দেশে দেশে পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যায়।এবং বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটন ভিসার ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত।

এর আগে হাইকমিশনার দোরাইস্বামী জানিয়েছিলেন, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি নজরে রাখছে ভারত। যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে করোনার নতুন নতুন ধরন দেখা দিচ্ছে। ফলে সতর্কতা হিসেবে পর্যটন ভিসার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয় নিয়ে এখনই কিছু ভাবছে না ভারত।

কারণ হল, এখন পর্যটন ভিসা চালু হলে শুধু ভারত নয়, যেসব দেশের লোকজন আসবেন, সেসব দেশও সমান ঝুঁকিতে পড়বে। তবে ভারতে গিয়ে চিকিৎসা নিতে মেডিকেল ভিসা চালু রয়েছে বলে দোরাইস্বামী জানান।

এরপরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কথায় স্বস্তি ফিরেছে এবার। 



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd