বাংলাদেশে নাশকতা মামলায় মামুনুল হক ৭ দিনের রিমান্ডে

Published Time

April 19, 2021, 12:33 pm

Updated Time

April 19, 2021, 12:33 pm
hefazat-leader-mamunul-remanded-for-7-days
মামুনুল

মামুনুল হক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশের রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার বেলা ১১টা ৯ মিনিটের দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এদিন ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় মামুনুলকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে মামুনুলের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার জামিন আবেদন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেসবাহ জানান, আসামি নিজেই আদালতকে বলেছেন, গতকালই তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রমজান মাস, তিনি নিয়মিত কুরআন তেলাওয়াত ও ইবাদত করেন। গতকাল যে জায়গায় রাখা হয়েছে, সেটা ইবাদতের উপযোগী না। খুব মানবেতরভাবে রাত কেটেছে। 

জবাবে আদালত বলছেন, আপনার ইবাদতে বিঘ্ন হবে না। আইনজীবী মেসবাহ জানান, আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন৷ এমন অভিযোগে রিমান্ডও নজিরবিহীন।

রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তদন্ত চলছিল। 

তদন্তে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় আমরা তাকে গ্রেফতার করেছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

রোববার দুপুর ১২ টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে আবারও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার বেলা ১১টা ৪৩ মিনিটের দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে থেকে মামুনুলকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এর আগে বেলা ১১টা ৯ মিনিটের দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এদিন ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। সকাল থেকেই আদালতপাড়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আদালতপাড়া ঘুরে দেখা গেছে, রায়সাহেব বাজার মোড় থেকে পুলিশ টহল বসানো হয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে সংশ্লিষ্ট এলাকায় যেতে দেয়া হচ্ছে না। আর চিফ মেজিস্ট্রেট আদালত এলাকায় যেতে হলে যথাযথ কারণ দেখিয়ে যেতে হচ্ছে।



Recent News

Available at

© 2019 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd