বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল শুরু

হাবিবুর রহমান
ঢাকা

Published Time

September 5, 2021, 12:25 pm

Updated Time

September 5, 2021, 12:25 pm
প্রতিনিধিত্বমূলক

করোনাভাইরাসের সংক্রমণ কমায় এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল আজ রোববার শুরু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লি রুটে এবং বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চলাচল করছে।

আজ রোববার, ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় ইউএস বাংলা একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে ১৩৫ জন যাত্রী নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে ৭ সেপ্টেম্বর থেকে সপ্তাহে দুইদিন মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা–কলকাতা রুটে এবং ৮ সেপ্টেম্বর থেকে রোববার ও বুধবার ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট চালাবে।

ভারত-বাংলাদেশের মধ্যে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু না হওয়া পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল করবে। এয়ার বাবল চুক্তি হচ্ছে—এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে সরাসরি ফ্লাইট। মাঝে কোথাও ট্রানজিট হবে না। ভারত থেকে বাংলাদেশে যাওয়া যাত্রীরা ‘বিজনেস ভিসা’ নিয়ে বাংলাদেশে যেতে পারবেন। তবে বাংলাদেশে যাওয়ার পর যাত্রীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ভারত সরকার তিনটি এয়ারলাইন্সকে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এরমধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে। এসময় ভারত থেকে যারা বাংলাদেশে যাবেন, তাদের বাংলাদেশ সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে যেতে হবে। আর যারা বাংলাদেশ থেকে ভারত আসবেন, তাদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনা পরীক্ষা করাতে হবে।